Image description

রাজবাড়ীর পাংশা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জীবন মণ্ডল (১৭)। সে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মো. বেনু মণ্ডলের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুর চাচা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। পবিত্র ঈদুল আজহার ছুটিতে তারা সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত জীবন ওই শিশুকে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে পাশের একটি নির্জন ঝোপের মধ্যে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

ভুক্তভোগী শিশুর নানি জানান, ওই সময় পুকুরে গোসল শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় এক নারী ঘটনাটি দেখে ফেলেন। তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জীবন ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই নারী শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী মাতব্বর বিষয়টি সামাজিকভাবে ধামাচাপা দেওয়ার ও আপস-মীমাংসার চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আইনি সহায়তার পথ বেছে নেয় ভুক্তভোগী পরিবারটি।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

পাংশা মডেল থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আব্দুল গণি জানান, আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। স্থানীয় এক নারী তাৎক্ষণিক দেখে ফেলায় শিশুটি রক্ষা পায়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে আসামি জীবন মণ্ডলকে গ্রেপ্তার করেছে।