Image description

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ মোস্তাক মিয়া নামে ওয়ার্ড বিএনপির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিষয়ে মামলা দায়ের করা হয়।

মোস্তাক মিয়া আদর্শ সদর উপজেলার ৫নং পাচথুবী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শরীফ ইবনে আলম 

তিনি জানান, এদিন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মতিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আমি অভিযান পরিচালনা করি। এ সময়  গোলাবাড়ি এলাকার মোস্তাক মিয়াকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছি। এলাকার লোকজনের কাছে শুনেছি তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। যেহেতু মাদকসহ গ্রেফতার হয়েছে, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, আমরা মোস্তাক মিয়াকে গ্রেফতারের বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।