গাজীপুরের শ্রীপুরে এক নারীকে প্রকাশ্যে পিটিয়ে ভাইরাল হয়েছেন আওয়ামীলীগ নেতা। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি আওয়ামীলীগের ওই নেতার গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের এক নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে গিয়ে এমপি সাংবাদিকদের বলেন, একজন ভদ্র নারীকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে নারীকে মারধর করেন।
এঘটনায় আহতরা হলেন—সমলা খাতুন (৯৫), সাইফুল ইসলাম (৪০), মাসুদা আক্তার (৪২) ও বিথী আক্তার (২৫)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
মামলার বাদী তাইজুল ইসলাম অভিযোগ করেন, আদালতে বিচারাধীন একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা জমি দখলের চেষ্টা করে। এর জেরে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর, লুটপাট এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মারধর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।