Image description

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের মহাসড়কগুলোতে। এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গের অন্যতম প্রবেশপথ যমুনা সেতুতেও। ঈদযাত্রার ব্যস্ততায় গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে রেকর্ডসংখ্যক ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণ সময়ে প্রতিদিন যমুনা সেতু দিয়ে প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন পারাপার হয়। তবে ঈদকে কেন্দ্র করে এবার সেই সংখ্যা অনেক বেড়ে গেছে। মাত্র একদিনে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩১ হাজার বেশি যানবাহন সেতু পার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সোমবার (২৫ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ১৮৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এ অংশ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

এর আগের দিন রবিবার (২৪ মে) সেতুটি দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছিল। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। সে হিসাবে মাত্র একদিনের ব্যবধানে যানবাহন বেড়েছে ১৩ হাজার ৩২৭টি এবং টোল আদায় বেড়েছে ৫২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা।

সোমবার রাত পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পাড়, কোনাবাড়ি মোড়, সায়দাবাদ, কড্ডার মোড় ও নলকা এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ঘরমুখো মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন।

যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া নির্ধারিত স্থান ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।