Image description

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আফরোজ মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পথে আফরোজ মিয়া ও তার এক সহযোগী শিশুটির মুখে গামছা বেঁধে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরদিন শিশুটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে পলাতক থাকা আফরোজ মিয়াকে সোমবার রাতে পার্শ্ববর্তী বাহুবল উপজেলার দিগম্বর বাজারে দেখতে পেয়ে ধরে ফেলেন স্থানীয় কয়েকজন যুবক। তাকে বড়চর বাজারে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ জনতা মারধর করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।