পদ্মা নদীতে বৈরী আবহাওয়ায় গরুবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারসহ ২৩টি গরু নদীতে তলিয়ে গেছে।
সোমবার (২৫ মে) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌপুলিশ জানায়, ট্রলারে ২০ জন বেপারিসহ ২৮টি গরু ছিল। পাঁচটি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যগুলো ডুবে গেছে। একজন বেপারির খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে–তিনি নদীতে ডুবে গেছেন। অন্য ১৯ জন বেপারি সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইলিয়াস জানান, ঝড়ো আবহাওয়ার কারণে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ১৯ জন তীরে উঠতে সক্ষম হন। তবে আইয়ুব মিয়া নামে একজন নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।