আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। এছাড়াও ছাড়া ঈদের ছুটিতে বাকি দিনগুলোতে বিশেষ সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ট্রেন চলাচলের হেডওয়ে বা বিরতি কমপক্ষে ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।
এতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একইসঙ্গে এমআরটি ও র্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।