Image description

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইন প্রণেতা শেখ রহমান। ডেমোক্র্যাটিক দলের অভ্যন্তরীণ এ প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করে নিজের আসনটি ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, শেখ রহমান শতকরা ৫৪ দশমিক ৪৯ ভাগ ভোট পেয়ে বিজয়ী হন। এবারের নির্বাচনি প্রচারণায় শেখ রহমান মূলত কর্মজীবী পরিবারের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছিলেন। এই বিজয়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রবাসীদের মতে, এ জয় মার্কিন রাজনীতিতে অভিবাসীদের প্রতিনিধিত্ব ও অধিকার আদায়ের লড়াইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচনে জয়লাভের পর শেখ রহমান তাঁর নির্বাচনি এলাকার সব সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।