নরসিংদীতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অনুষ্ঠানে প্রবেশের সময় আমন্ত্রিত দর্শকরা চরম অব্যবস্থাপনার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন সাংবাদিকসহ অন্তত শতাধিক দর্শকদের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রে পাসের ব্যবস্থা ছিল। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ওই অনুষ্ঠানে প্রবেশের সময় পাস হাতে থাকা নারী-শিশুসহ বিভিন্ন বয়সি দর্শকদের ঠেলাঠেলি করে প্রবেশ করতে হয়েছে। বিশৃঙ্খল এই পরিস্থিতিতে অন্তত শতাধিক ব্যক্তির মোবাইল ফোন চুরি হয়ে যায়। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পু্লিশ সদস্যও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।
জানা গেছে, তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ করা হলেও আরও কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানে অনধিকার প্রবেশ করেন। পুলিশি বাঁধা উপেক্ষা করে, দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করেন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র প্রবেশ ফটক গেটেই হাতিয়ে নেয় প্রায় শতাধিক মোবাইল ফোন। পরে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে শতশত পাশধারী দর্শক, অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, অনুষ্ঠানে প্রবেশের জন্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এসময় আমিসহ অন্যান্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করার পর দেখি আমার মোবাইলটি নেই।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক গেটে অবস্থানরত পুলিশকে চুরির ঘটনা জানানো হয়। জানানোর পর পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকাবস্থায় ৬ জন সাংবাদিক, একজন জেলা প্রশাসনের কর্মচারীসহ অন্তত ৪০/৪৫ জন মোবাইল চুরির ঘটনা পুলিশকে অবহিত করে। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিল। প্রবেশ গেটে এত হট্টগোল হচ্ছে দেখেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক এশিয়া পোস্টকে বলেন, ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন। পাশাপাশি হয়ত অনেক চোরও এসেছেন। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মোবাইল ফোন মিসিং হয়েছে জেনেছি। থানায় রিপোর্ট করলে তাদের ফোন উদ্ধারের চেষ্টা করা হবে।