Image description

আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে আগাম প্রার্থী ঘোষণা শুরু করেছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, ‘গণমাধ্যমে দেখছি, বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এটা আমার জন্য চিন্তার, আমার কপালে ভাঁজ পড়েছে।’

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরাও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা একসঙ্গে বসুন, একটি সমঝোতায় আসুন। আমরা কোনো রক্তপাত দেখতে চাই না। আমরা একটি সম্পূর্ণ রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই।’

নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পূর্ণ সহায়তার কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এর জন্য প্রয়োজনীয় আইন ও বিধি সংস্কার করা হচ্ছে।’

ইতোমধ্যে দুটি রাজনৈতিক দলের নেতা এই নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মনে রাখতে হবে, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়, যোগ করেন তিনি।

টেঁটাযুদ্ধ হলে কারবালা হয়ে যাবে

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ইতিহাস এবং তৃণমূলের দ্বন্দ্বের কথা তুলে ধরে সিইসি বলেন, ‘অতীতে দেখা গেছে স্থানীয় নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ঘটে। একই পরিবারের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ের ব্যবধানও খুব সামান্য হয়।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঐতিহ্যগত সংঘর্ষের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘সেখানে টেঁটা মেরে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়া থেকে যদি দুজন প্রার্থী দাঁড়ায়, তাহলে কী অবস্থা হবে? পরিস্থিতি কারবালা হয়ে যাবে।’

তাই সংঘাত এড়াতে দলগুলোকে স্থানীয় পর্যায়ে বোঝাপড়ার মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পর স্থানীয় নির্বাচনও সুন্দরভাবে শেষ করার আশা ব্যক্ত করেন সিইসি। তিনি বলেন, ‘একটি নির্বাচন ভালো হলো মানেই এই নয় যে বাংলাদেশের নির্বাচন সবসময় ভালো হবে। আমরা দেশে একটি ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। শুধু জাতীয় নির্বাচন নয়, সব ধরনের নির্বাচনই যেন সুন্দর ও গ্রহণযোগ্য হয়, সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।’

নাসীরউদ্দীনের বক্তব্যে ‘আহত নন সিইসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন জানিয়ে সিইসি বলেন, ‘নাসীরউদ্দীন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি ব্যক্তিগতভাবে উনাকে খুব পছন্দ করি। তিনি মানুষের মুখের ওপর হক কথাটা বলতে পারেন। উনার এই ধরনের কথা শুনতে আমরা অভ্যস্ত।’

নির্বাচনের আগে এনসিপির সঙ্গে বৈঠকের স্মৃতি চারণ করে সিইসি রসিকতার ছলে বলেন, ‘উনি আমাদের সাথে দেখা করে দরজার বাইরে গিয়ে আমাদের গালি দিতেন। সুতরাং এই গালি উনার নতুন নয়। অনেকের কাছে নতুন মনে হতে পারে, তবে আই এম ইউজড টু ইট।’

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বাস করেন, আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলছি, উনার বক্তব্যে আমার সামান্যতম কোনো ক্ষোভ নেই। শুধু প্রশংসা করলে সঠিক মূল্যায়ন হয় না। উনি উনার দৃষ্টিভঙ্গি থেকে যেটা অনুভব করেছেন এবং অন্তরে বিশ্বাস করেছেন, সেটাই বলেছেন। এতে আমি সামান্যতমও আহত নই।’