জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বিকেলে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের এ নির্দেশ দেন তিনি। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
সভায় নারী এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং তথ্যসমৃদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৭ বছর এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিল জনগণ। কথা বলতে পারেনি তারা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।
সভায় জাতীয় সংসদে এমপিদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন নারী সংসদ সদস্যরা।
এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রমুখ।