Image description

দেশে হামের উপসর্গে ৪ শতাধিক শিশুর মৃত্যু এবং চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনার প্রতিবাদে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে হয়েছে একটি প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি।

আজ রবিবার সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করে ‘অগ্নিবীণা পাঠাগার’।

‘পৃথিবী থমকে যায় ভারী পরিবেশটা, মা-বাবার কান্নায় ডুবে আছে দেশটা’— স্লোগানে আয়োজিত কর্মসূচিতে শত শত শিশুর অকালমৃত্যুর প্রতিবাদে প্রদর্শন করা হয় একটি প্রতীকী পারফর্মিং আর্ট।

পারফর্মিং আর্টে হামে আক্রান্ত হয়ে সন্তান হারানো এক মায়ের অবয়ব এবং কাপড়ে মোড়ানো প্রতীকী লাশের মাধ্যমে তুলে ধরা হয় দেশের বর্তমান সংকট। এ সময় চিকিৎসাসেবা ও সচেতনতার অভাবে ঝরে যাওয়া শিশুদের প্রতীকী রূপ হিসেবে এসব লাশ করা হয় প্রদর্শন।

কর্মসূচিতে অগ্নিবীণা পাঠাগারের সংগঠক সায়মা আকতার নিশু মন্তব্য করেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগে ৪৫০ জনের বেশি শিশুর মৃত্যু চিকিৎসা ব্যবস্থার চরম ব্যর্থতা ও অব্যবস্থাপনার প্রমাণ।

এ সময় তিনি উল্লেখ করেন, প্রত্যন্ত ও উপদ্রুত এলাকায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছাতে না পারায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর কোনো শিশুর অকালমৃত্যু দেখতে চান না বলেও জানান তিনি।