কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানীর মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন তিনি।
জানাজা শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, কারিনা কায়সার আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। তিনি অসুস্থ অবস্থায় মারা গেছেন।
তিনি বলেন, সারা দেশের মানুষসহ জুলাই গণঅভ্যুত্থানের আমরা যারা আছি সবাই শ্রদ্ধার সঙ্গে কারিনা আপুকে স্মরণ করছি। আজ রাত ১০টার সময় শহীদ মিনারে আমরা সবাই মিলে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় দেব।
জানা গেছে, রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনা কায়সারকে।
জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একইসঙ্গে হেপাটাইটিস-এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। বেশ কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে কিছুদিন লাইফ সাপোর্টেও রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে কারিনার মৃত্যু হয়।