মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে মোহাম্মদ ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চোরাই পিকআপসহ মোট তিনটি পিকআপ জব্দ করা হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় তার ভাড়া বাসায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোহাম্মদ ফারুকের বাড়ি খুলনার তেরোখাদা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে শিবচরের বেইলি ব্রিজ এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাতে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলার পর তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে পুলিশ চোরচক্রের গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়। ফুটেজে দেখা যায়, চুরি হওয়া পিকআপটির পাশে আরেকটি গাড়ি ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের জানান, অভিযানে চোরাই পিকআপসহ মো. ফারুককে আটক করা হয়েছে। এসময় আরো দুটি পিকআপ উদ্ধার করা হলেও সেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।