Image description

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে আগামী ১৮ মে (সোমবার) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সে হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে ঈদুল আজহা পালন করবে সৌদি আরব। আর ২৬ মে আরাফাত দিবস তথা পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

সৌদি আরবের ঘোষণার আগে ঈদের তারিখ ঘোষণা করেছে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশ।

 

বিশ্বের প্রথম দেশ হিসেব ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। এ হিসাব অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।

 

সংযুক্ত আরব আমিরাত ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হবে। ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ মাসের দশম দিনে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। সুতরাং দেশটিতে ২৭ মে (বুধবার) ঈদ পালিত হবে। আর আরাফার দিন হবে ২৬ মে।

 

একই দিনে ঈদ উদযাপন করবে প্রতিবেশী দেশ ওমান। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি হয়েছে। ফলে সোমবার (১৮ মে) থেকে দেশ দুটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

 

তবে ব্রুনাইতে ঈদ একদিন পরে উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, ব্রুনাইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

 

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ আফগানিস্তান। দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী সপ্তাহের বুধবার (২৮ মে) ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

 

এক বিবৃতিতে আদালতের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় আফগানিস্তানে চাঁদের সন্ধান করা হয়। কিন্তু দেশের কোথাও জিলহজ মাসের চাঁদের দেখা যায়নি। এ জন্য রোববার (১৭ মে) জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

 

সে হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করা হবে। ২৭ মে আরাফা দিবস তথা পবিত্র হজ পালিত হবে। পরদিন আফগানিস্তানজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হবে।

 

সূত্র: গালফ নিউজ, আরব নিউজ, খামা প্রেস