Image description

দিনাজপুরের হাকিমপুরে কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করার ক্ষোভে লাঠির আঘাতে চারজনকে আহত করেছেন এক বাবা। এ ঘটনায় পুলিশ ওই কিশোরীর বাবাকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মোল্লাবাজার আদর্শ গ্রামে ঘটনা ঘটে। পরে মারধরের শিকার হওয়া পক্ষ থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার মোল্লাবাজার আদর্শ গ্রামের রাহিম সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল শনিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় রাহিম ওই কিশোরীকে আবারও উত্ত্যক্ত করে। পরে কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।

এ সময় ওই কিশোরীর মা প্রতিবাদ করলে রাহিমের পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে রাহিম কিশোরীকে বিবস্ত্র  করার চেষ্টা েকরে বলে অভিযোগ ওঠে।

সন্ধ্যায় ওই কিশোরীর বাবা বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীর বাবা লোকজন নিয়ে রাহিমের বাবা-মা এবং চাচাসহ চারজনকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল্লাহ জানান, মারধরের ঘটনায় চারজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা ও সেলাই শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরীর ফুফু বলেছেন, ‘মেয়ের অপমানের কথা শুনে বাবা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেছেন। আইনের আশ্রয় না নিয়ে মারধর করে তিনি ভুল করেছেন।’

তার অভিযোগ, ‘অভিযুক্ত রাহিম একজন মাদকাসক্ত। এ কারণে তার স্ত্রী তাকে তালাক দিয়েছেন।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিমুল ইসলাম জানান, কিশোরীকে বিবস্ত্র ও তার মাকে মারধরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি মেয়ে পক্ষকে আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরে জানতে পারেন, মেয়ের বাবা বাড়িতে এসে ঘটনা শুনে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের মারধর করেছেন।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেছেন, ‘এ ঘটনায় আহতদের পক্ষ থেকে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার এক নম্বর কিশোরীর বাবাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তবে কিশোরীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগও শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’