Image description

আসন্ন বাজেটে নবম পে স্কেলের বরাদ্দ না থাকলে ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে ধারাবাহিক অবস্থান কর্মসূচি পালন করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

শনিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মৌন মিছিল ও কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে এই ঘোষণা দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক।

আবদুল মালেক বলেন, “দ্রুত সচিব পর্যায়ের সুপারিশ চূড়ান্ত করে আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সমাবেশে সমিতির সদস্যসচিব আশিকুল ইসলাম উল্লেখ করেন, “দীর্ঘদিন বেতন বৃদ্ধির অভাবে অধিকাংশ সরকারি কর্মচারী ঋণ ও আর্থিক সংকটে ভুগছেন।”

বর্তমান বেতনে একটি পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে কর্মচারীরা মানবিক সংকটে পড়ছেন।’

তিনি আরো বলেন, ‘আসন্ন বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসবে। অন্যথায় কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারে।