চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নাট্যজন আতাউর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তিনি জানিয়েছেন, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাও প্রকাশ করেছেন তিনি।
এর আগে শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পরে আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। সেখানে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না থাকায় ভর্তি করা হয় ধানমন্ডির আরেকটি হাসপাতালে।
ভর্তির পরপরই আতাউর রহমানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। আবার অবস্থার অবনতি হলে রবিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।