Image description

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি ‘গুরুত্বসহকারে বিবেচনা’ করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা ফক্স নিউজের এক উপস্থাপকের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফক্স নিউজের সংবাদদাতা বিল মেলুজিন জানিয়েছেন, ফক্স নিউজের উপস্থাপক জন রবার্টসকে ফোনালাপে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভেনেজুয়েলায় রয়েছে প্রায় ৪০ ট্রিলিয়ন ডলারের তেলসম্পদ এবং দেশটির মানুষ ‘ট্রাম্পকে ভালোবাসে’।

প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের প্রতি দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তার মতে, এ সম্পদের নিয়ন্ত্রণ পেলে বৈশ্বিক তেল মজুতের বড় অংশে প্রভাব বাড়বে যুক্তরাষ্ট্রের এবং প্রভাব কমবে চীনের মতো দেশগুলোর।

তবে ট্রাম্পের এমন মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কানাডা ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার মন্তব্যের মতো এটিও হতে পারে কোনো রাজনৈতিক কৌশল বা রসিকতার অংশ। অন্যদিকে সমর্থকদের দাবি, ট্রাম্পের কিছু বিতর্কিত মন্তব্য পরে রূপ নিয়েছে বাস্তব পদক্ষেপে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক রয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকুলাস মাদুরো। চলতি বছরের শুরুতে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। দেশটির অন্তর্বর্তী নেতৃত্বে রয়েছেন ডেলসি রদ্রিগেজ।

এদিকে সাত বছর পর গত এপ্রিলের শেষে চালু হয়েছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সরাসরি ফ্লাইট। দেশটির আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার নির্দেশও দিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এখনো রয়েছে উদ্বেগ। মানবাধিকার সংগঠন ফোরো প্যানাল বলছে, এপ্রিলের পর্যন্ত অন্তত ৪৫৪ জনকে রাজনৈতিক কারণে কারাবন্দি রেখেছে ভেনেজুয়েলার সরকার।