Image description
উত্তরার মাইলস্টোন কলেজ

উত্তরার মাইলস্টোন কলেজের দুই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ২৩ এপ্রিল দুপুরের পর থেকে তাদের খোঁজ মিলছে না। তারা স্বাধীনভাবে জীবনযাপনের জন্য বাড়ি ছেড়েছে বলে অনেকের ধারণা। এই দুই বন্ধু হলো মাফি বি সরকার (১৭) ও মেহেদী হোসেন রাফসান (১৭)। যাওয়ার সময় তারা তাদের মোবাইল ফোন বাড়িতে রেখে গেছে।

ঘটনার পরপরই তাদের পরিবার তুরাগ থানা ও উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তুরাগ থানার জিডির তথ্য অনুযায়ী, মাফি বি সরকার গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ। টঙ্গী পূর্ব থানার জিডিতে উল্লেখ করা হয়েছে, একই দিন একই সময়ে মেহেদী হোসেন রাফসান নিখোঁজ হয়েছে।

পুলিশ বলছে, তারা দুজন বন্ধু এবং একই কলেজে পড়াশোনা করে। নিখোঁজ হওয়ার আগে তারা বাসায় মোবাইল ফোন রেখে যায়। ধারণা করা হচ্ছে, তারা স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে। কী কারণে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা দুজনই স্বাধীনচেতা জীবনযাপন করতে চায় বলে বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিল।

তুরাগ থানার জিডির তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান। গতকাল তিনি কালবেলাকে বলেন, ‘মাফি ও মেহেদী দুজনই বন্ধু। তারা যেদিন নিখোঁজ হয়, সেদিন কলেজ থেকে তারা ১১ নম্বর সেক্টরের সন্ধ্যামালতী ভবনের কাছে কলেজ ইউনিফর্ম বদলায়। এরপর তারা একসঙ্গে কোথাও চলে যায়। মোবাইল রেখে যাওয়ায় তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। একই সঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটও বিষয়টি নিয়ে কাজ করছে।’

এ বিষয়ে মাফি বি সরকারের বাবা বিপ্লব সরকার গতকাল কালবেলাকে বলেন, ‘প্রায় সতেরো-আঠারো দিন পেরিয়ে গেলেও আমরা ওদের কোনো সন্ধান পাচ্ছি না। পুলিশ কাজ করছে। কী কারণে তারা নিখোঁজ, সেটাও বুঝতে পারছি না।’

দুজনের অন্য বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাফি বি সরকার লেখাপড়ায় অমনোযোগী ছিল। এ নিয়ে কথা বলার কারণে পরিবারের সদস্যদের প্রতি তার অভিমান থাকতে পারে। সে কারণে সে নিখোঁজ হয়ে থাকতে পারে।

এদিকে মেহেদী হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার অন্য সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেদী হোসেন লেখাপড়ায় খুবই মনোযোগী ছিল। কারও সঙ্গে তার কোনো মনোমালিন্য হয়নি।

মেহেদীর নিখোঁজ থাকার বিষয়ে জানতে গতকাল কথা হয় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘নিখোঁজদের এখনো উদ্ধার করা যায়নি। বাড়ি থেকে টাকা-পয়সাও নিয়ে যায়নি তারা। তাই নিখোঁজের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আমরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি।’