জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি মারা গেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন খুশি। সোমবার (৪ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
সত্তর ও আশির দশকে নারী হিসেবে জিমন্যাস্টিক্সের মতো চ্যালেঞ্জিং খেলায় অংশগ্রহণ করে খুশি ক্রীড়াঙ্গনে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। ১৯৭৭ সালের ২০ জুলাই দেশের প্রথম ক্রীড়া পত্রিকার প্রচ্ছদে স্থান পাওয়াও ছিল তার উল্লেখযোগ্য অর্জন।
জিমন্যাস্টিক্স ছিল তার মূল পরিচয় হলেও খুশি জাতীয় জুডো চ্যাম্পিয়নও ছিলেন। দুটি খেলায় একসঙ্গে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে জিমন্যাস্টিক্সকেই পেশা হিসেবে বেছে নেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদে যুক্ত হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।