Image description

দেশের বড় নদ-নদীগুলোর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এ সময় তীব্র বজ্রপাত, উচ্চগতির বাতাসসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কার কথাও জানান তিনি।

সোমবার (৪ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ শঙ্কার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘আজ রাতের নৌযান চলাচলে জরুরি সতর্কতা। আজ রাত ১টার পর থেকে সকাল ১০টার মধ্যে দেশের বড় বড় নদ-নদীগুলোর (পদ্মা, যমুনা, মেঘনাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সকল নদ-নদীগুলো) ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। কালবৈশাখী ঝড় নদীগুলোর ওপর দিয়ে অতিক্রমের সময় তীব্র বজ্রপাত, উচ্চগতির বাতাসসহ (ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার) মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

রাত ১টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে চলাচলকারী নৌযানগুলো এই কালবৈশাখী ঝড়ের কবলে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঝড়টি যমুনা নদীর ওপর দিয়ে অতিক্রম করবে রাত ১টার পর থেকে ৩টার মধ্যে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়া যাওয়া কিংবা দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশে চলাচলকারী সকল প্রকার নৌযানগুলো ভোর ৪টার পর থেকে সকাল ১০টার মধ্যে এই কালবৈশাখী ঝড়ের কবলে পড়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

এই কালবৈশাখী ঝড় রাত ৩টার পর থেকে সকাল ১০টার মধ্যে পদ্মা ও মেঘনা নদীসহ বরিশাল, খুলনা ও চট্রগ্রাম বিভাগের নদীগুলোর ওপর দিয়ে অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানান মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, ‘বরিশাল বিভাগের নদ-নদীগুলোর ওপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে ভোর ৪টার পর থেকে সকাল ১০টার মধ্যে।’

এর আগে রাত সাড়ে ১০টায় ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ রাত ১০টা ৩০ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বাংলাদেশের ৬৪টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত তীব্র বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে।

কোন জেলায় কখন বৃষ্টি হতে পারে, এর একটি সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ।

তার মতে, বৃষ্টিপাতের সাম্ভব্য সময় হলো—

খুলনা বিভাগ: সম্ভাব্য সময় রাত ১২টার পর থেকে সকাল ৬টা।
ঢাকা বিভাগ: সম্ভাব্য সময় রাত ২টার পর থেকে সকাল ৮টা।
বরিশাল বিভাগ: সম্ভাব্য সময় রাত ৩টার পর থেকে সকাল ৮টা।
চট্রগ্রাম বিভাগ: সম্ভাব্য সময় ভোর ৪টার পর থেকে সকাল ১০টা।
সিলেট বিভাগ: সম্ভাব্য সময় ভোর ৪টার পর থেকে সকাল ৮টা।
রংপুর বিভাগ: সম্ভাব্য সময় ১০টা ৩০ মিনিটের পর থেকে ভোর ৪টা।
রাজশাহী বিভাগ: সম্ভাব্য সময় রাত ১০টা ৩০ মিনিটের পর থেকে রাত ৩টা।
ময়মনসিংহ বিভাগ: সম্ভাব্য সময় রাত ২টার পর থেকে ভোর ৫টা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এরমধ্যেই চলমান—যা রাত ৩টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।