Image description

টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্রে ফাঁদে ফেলে সুনামগঞ্জে এক স্কুলছাত্রকে শহরের আবাসিক হোটেলে নিয়ে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৩ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ চন্দ্র দাস শাওন ওরফে ইশান সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের বাসিন্দা। আকাশের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে ওই স্কুলছাত্রের পরিবার।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ শহরের একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় আকাশের। একসময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে তাকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্টেশনের একটি আবাসিক হাটেলে নিয়ে যৌন নির্যাতন করা হয়। যৌন নির্যাতনের ভিডিও গোপনে নিজের মোবাইলেও ধারণ করে রাখেন আকাশ।

পরে এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শহরের আরেকটি হোটেলে নিয়ে আবারও নির্যাতন করেন আকাশ। নির্যাতনের পর ওই স্কুলছাত্রকে একা ফেলে পালিয়ে যান আকাশ। পরে ছাত্রের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আকাশের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা করে।

মামলার পর আকাশকে গ্রেপ্তার ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ করা মোবাইলফোনটি জব্দ করে পুলিশ। সোমবার (৪ মে) আকাশকে আদালতে সোপর্দ করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত আকাশ আত্মগোপনে চলে গিয়েছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাবের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আলামত হিসেবে মোবাইলফোনটি জব্দ করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।