Image description

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় ওবায়দুল্লাহ মাসুদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নগরবাথাণ ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ মাসুদ সদর উপজেলার সাধুহাটি গ্রামের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে শহরের পাগলাকানাই এলাকায় মোটরসাইকেলযোগে পণ্য বাজারজাত করে বেড়াচ্ছিল স্কয়ার কম্পানির বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ।

সে সময় পাশের দোকানে তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে অন্য দোকানে যান তিনি। সেখান থেকে ওবায়দুল্লাহ নামের এক যুবক মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পথিমধ্যে নগরবাথাণ ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওবায়দুল্লাহ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহানুর আলী কালের কণ্ঠকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।