Image description

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের ফলে ওই শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত শিক্ষকের নাম আমান উল্লাহ সাগর, যিনি হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা মদন থানায় আমান উল্লাহ সাগরকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা পরিবার ত্যাগ করার পর তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকার কাজ করতেন। শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করতো। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক আমান উল্লাহ সাগর তাকে ধর্ষণ করেন এবং ঘটনাটি জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগী শিশুটি গত পাঁচ মাস ধরে মাদরাসায় যাওয়া বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছেন যে, শিশুটি অন্তঃসত্ত্বা। গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার জানান, শিশুটি বর্তমানে প্রচণ্ড রক্তশূন্যতায় ভুগছে। তিনি আক্ষেপ করে বলেন, জীবনের প্রথম মাসিকের অভিজ্ঞতার আগেই শিশুটি গর্ভবতী হয়ে পড়েছে, যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর গত ১৮ এপ্রিল থেকে মাদরাসায় অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।