Image description

দীর্ঘ আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার (৩ মে) বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখেন পদবঞ্চিতরা। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর বিকেল পৌনে তিনটার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এশিয়া পোস্টকে জানান, বিষয়টি সমাধানের জন্য বিএনপি নেতারা ২৪ ঘণ্টা সময় নিয়েছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের কাছ থেকে।

 

জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদল একটি বড় সংগঠন হওয়ায় সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা কাঙ্ক্ষিত পদ পাননি, তারা ক্ষোভ প্রকাশ করছেন। তবে সবাইকে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার উচিত।

 

এর আগে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। সড়ক অবরোধের কারণে দুই পাশে যানবাহন আটকা পড়ে।

 

 

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, আইফোন গিফট ও টাকার মাধ্যমে কমিটি অনুমোদন হয়েছে। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি।

 

মো. আহাত নামে একজন বলেন, গতকাল রাতে যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে সভাপতি সম্পাদকসহ বেশির ভাগ নেতা বিবাহিত। কমিটিতে চাঁদাবাজ, অপহরণকারীদের রাখা হয়েছে। তারা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদককে টাকা ও গিফটের মাধ্যমে এই কমিটি নিয়ে আসেন। আমরা এই কমিটি বাতিল চাই। নতুন কমিটি ঘোষণা না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।

 

শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ২৩ সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

জেলা সহসভাপতি সাইফুল ইসলাম পনির বলেন, কেন এই ধরনের একটি কমিটি দেওয়া হলো, এ বিষয়ে জেলা বিএনপি অবগত নয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।