Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আজ গেজেট আকারে প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এর ফলে আজ রোববার রাতে জাতীয় সংসদে অন্য ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যেরসঙ্গে তার শপথ নেওয়াও হচ্ছে না। 

 
 

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও আইনি প্রক্রিয়া ও আপিলের সময় সংরক্ষণের কারণে এই বিলম্ব ঘটছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার এই গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এই কমিশনার।

রোববার (৩ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান কমিশনার। 

 
 

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে ইসি। আজ রোববার রাত ৯টায় এই ৪৯ জন সংসদ সদস্যের শপথ নেওয়ার কথা থাকলেও তালিকায় থাকছেন না নুসরাত তাবাসসুম। 

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সাধারণত বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ হয় কারণ প্রার্থী বা বিপক্ষের আপিল ও মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময় দিতে হয়। আজকে সেই সময় রাখা হয়েছে বিধায় গেজেট হচ্ছে না এবং স্বাভাবিকভাবেই তিনি আজ শপথ নিতে পারছেন না।

এদিকে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের আদালতের রিটের বিষয়টি ইসির সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। 

 

নির্বাচন কমিশনার জানান, মনিরা শারমিনের রিটের বিষয়টি তাদের নজরে রয়েছে এবং পুরো প্রক্রিয়াটি এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যেহেতু সংরক্ষিত আসন মাত্র একটি, তাই আদালত যদি কোনো রুল জারি করে তবে ইসিকে নতুন সিদ্ধান্ত নিতে হবে। 

কমিশনার আরও জানান, নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের পর যদি আদালত থেকে অন্য কোনো নির্দেশনা আসে, তবে আইন অনুযায়ী তা বাতিল হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা দুজন হয়ে যাবে এবং জামায়াত জোট ভোটের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করবে। 

আপাতত আদালতের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে আগামীকাল গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও জানান কমিশনার।