জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।
রোববার (৩ মে) বিকেলে ৩টার দিকে শেখেরভিটা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, প্রায় ৪০ মিনিট ধরে অবরোধ চলছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, গত এক সপ্তাহের জলাবদ্ধতায় শেখেরভিটা এলাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানি জমে থাকায় বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। বিষয়টি নিয়ে পৌরসভা ও জেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে বাধ্য হয়ে রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করেন তারা।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখানকার লোকজন জলাবদ্ধতার জন্য দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন অবরোধ করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পৌরসভার লোকজনও আসে। তাদের আশ্বাসে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে।