দিনাজপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন।
রোববার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নিমতলা এলাকা থেকে দিনাজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নিমতলা থেকে মডার্ন মোড়, জেলখানা রোড হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে লিলির মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে ‘অবৈধ কমিটি বাতিল কর’, ‘টাকা নিয়ে কমিটি দিলে, সেই কমিটি মানি না’—এমন বিভিন্ন স্লোগান দেন। পরে লিলির মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিক্ষোভকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভে নেতৃত্বদানকারী পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহান বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আব্দুর রাজ্জাককে আহ্বায়ক ও রিফাত চৌধুরীকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ত্যাগী নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। আমরা দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের আরেক কর্মী মিনার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-সংগ্রামে ছিল, তাদের উপেক্ষা করে বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে। এতে আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। দ্রুত এই কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
একই দিনে জেলা ছাত্রদলের নবঘোষিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের আরেকটি অংশ আনন্দ মিছিল করেছে। তারা নবনিযুক্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্যসচিব রিফাত চৌধুরীকে শুভেচ্ছা জানান।
আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর আহ্বান জানাচ্ছি।