সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার (২ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সমাবেশ চলাকালে ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। তারা ছিনতাই ও মোবাইল চোর চক্রের সদস্য বলে দাবি করেছে র্যাব।
রোববার (৩ মে) দুপুরে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৯ এর সিইও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
তাজমিনুর রহমান জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করা হয়। পরে আরও পাঁচজনকে আটক করে র্যাব।
র্যাব জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রনি, মো. অপু, মো. রাসেল, শাহাজালাল বেপারী, মো. আজিজুর রহমান, আবু বকর, মো. জিহাদ হোসেন, মো. নুর ইসলাম ও মো. নাজমুল ইসলাম।
শনিবার একদিনের সিলেট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত, সুরমা নদীর দুই তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসিয়া খাল খনন, দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।