সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়লেন এ কে এম রেজাউল করিম খন্দকার। তিনি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) হয়ে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি গত ২৮ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। রোববার (৩ মে) বিষয়টি প্রকাশ্যে আসে।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রেজাউল করিম খন্দকার বলেন, আমি ইতোমধ্যে সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছি এবং সবুজ প্যানেল থেকে নির্বাচন করব।
জুলাই গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মো. জসীম উদ্দীন সরকার বলেন, প্রচলিত রীতি অনুযায়ী সরকারি আইন কর্মকর্তা পদে থেকে কোনো আইনজীবী নির্বাচন করেন না। যদিও এটি আইনি বাধ্যবাধকতা নয়, তবুও দীর্ঘদিনের চর্চা হিসেবে এই প্রথা অনুসরণ করা হয়ে থাকে।
আইনজীবী মহলে এ পদত্যাগকে নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পেশাগত নিরপেক্ষতা বজায় রাখা এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতেই সাধারণত এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের আইনজীবীদের অন্যতম প্রভাবশালী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে বিভিন্ন প্যানেলের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে, যা আইন অঙ্গনে রাজনৈতিক বিভাজনের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।