Image description

রংপুর শহরে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আব্দুল হালিম। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মালিক-শ্রমিকের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা জরুরি।

 

শুক্রবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মিলনায়তনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা।

ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম আযম খান।

আব্দুল হালিম বলেন, “আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। একই সঙ্গে মালিকরাও যেন যথাযথ সম্মান পান, সেটিও নিশ্চিত করতে হবে। তবে শ্রমিকদের অধিকার প্রদানে মালিকদের দায়িত্বশীল হতে হবে। ন্যায্যতার ভিত্তিতেই শ্রমিক ও মালিকের সম্পর্ক গড়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজির নামে শ্রমিকদের অধিকার হরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে না। শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। শুধু স্লোগানে নয়, বাস্তব কর্মসূচির মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

প্রধান আলোচক মাহবুবুর রহমান বেলাল বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের রংপুর মহানগর সহ-সভাপতি আবু সাঈম, মুত্তালিব হোসাইন, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।