Image description

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান নিজেকে শ্রমিক বলতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকের ড্রেস পরে কাজ করতেন। তিনি কোনো দ্বিধা করতেন না। আমরা এক কোপ দিলে তিনি দিতেন বিশ কোপ।

 

শুক্রবার (১ মে) বিকালে শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা শ্রমিক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উত্তর তেমুহনী এলাকা থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

 

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত ১৭-১৮ বছরের আন্দোলনে এ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নির্বিচারে গ্রেপ্তার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। জেল খেটেছে। কিন্তু কোন শ্রমিক নেতা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আমরা শ্রমিক দলকে নিয়ে গর্ববোধ করি।

 

তিনি বলেন, আমরা একটি পর্যায়ে এসেছি। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখন এ দলকে সংগঠিত করতে হবে। ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে ত্রিমুখী। ষড়যন্ত্র-চক্রান্ত যদি মোকাবিলা করতে হয়, তাহলে শক্তিশালী সংগঠন প্রয়োজন।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি এম এ হাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, সাংগঠনিক মাসুদ আলম, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছগির আহমেদ প্রমুখ।