Image description

বিশ্ববাজারে লাগামহীন মুদ্রাস্ফীতি এবং সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। শুক্রবার (১ মে) সকালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৮৮.৩২ ডলারে নেমে এসেছে, যা সাপ্তাহিক হিসেবে ২.৩ শতাংশ লোকসান নির্দেশ করছে।

এদিন লেনদেনের একপর্যায়ে স্পট গোল্ডের দাম কমে ৪,৫৫৯.৪৮ ডলারে দাঁড়িয়েছিল। জুন মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার বা আগাম বাজারদরও ০.৬ শতাংশ কমে ৪,৬০০ ডলারে স্থির হয়েছে। মূলত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক 'ফেডারেল রিজার্ভ' (Fed) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সুদের হার এখনই না কমানোর ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি বাড়িয়ে দিয়েছেন।

এভারব্যাংক-এর ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ‘ব্যবসায়ীরা স্বর্ণ বিক্রি অব্যাহত রেখেছেন কারণ ফেডারেল রিজার্ভ জানিয়েছে, মুদ্রাস্ফীতির উদ্বেগের কারণে অদূর ভবিষ্যতে সুদের হার কমার সম্ভাবনা নেই।’

সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ব্যাংক আমানত বা বন্ডের দিকে বেশি ঝুঁকে পড়েন, যার ফলে স্বর্ণের চাহিদা ও দাম কমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম চড়া থাকায় মুদ্রাস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে স্বর্ণের এই দরপতন নিকট ভবিষ্যতে আরও কিছুদিন স্থায়ী হতে পারে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও এই নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।