বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। বাণিজ্যমন্ত্রীর বিশ্বাস, দামের এই সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে। তিনি আরও যোগ করেন, আমরা আশা করছি সাধারণ ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এ মাসের শুরুতে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে ইরান যুদ্ধের কারণে ওই সময় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।