সরকারের স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিম্নমানের ও বাসি খাবার সরবরাহের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর আওতায় মামলাটি দায়ের করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বুধবার (২৯ এপ্রিল) এই কর্মকর্তা জানান, গত ২২ এপ্রিল স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে সদর উপজেলার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে নিম্নমানের ও বাসি-পচা খাবার সরবরাহ করার কারণে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেসার্স বিস্কুট বিপণি’ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির মালিক আব্দুল্লাহ আল মামুন। তিনি দাবি করেন, তাদের সরবরাহ করা খাবারে কোনো সমস্যা ছিল না। তার ভাষ্য অনুযায়ী, গাক এনজিওর সংরক্ষণ ব্যবস্থার ত্রুটির কারণেই পুরোনো খাবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
তিনি জানান, প্রকল্পের আওতায় জেলার ২১৩টি বিদ্যালয়ে প্রায় ৩৯ হাজার শিক্ষার্থীর জন্য নিয়মিত বনরুটি সরবরাহ করা হয়। নির্ধারিত তারিখ মেনে বিতরণ না করায় কিছু খাবার থেকে যায়, যা পরে শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হলে সমস্যা তৈরি হতে পারে।
একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের দিকেও গাফিলতির অভিযোগ তোলেন তিনি। তার মতে, সরবরাহকৃত খাবারের তারিখ যাচাই করে গ্রহণ করা উচিত ছিল।
উল্লেখ্য, গত এক সপ্তাহে জেলার তিনটি উপজেলায় স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। গোমস্তাপুর উপজেলার মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবচেয়ে বেশি, প্রায় ১৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এছাড়া শিবগঞ্জে ৩৫ জন এবং সদর উপজেলায় অন্তত ২০ জন শিক্ষার্থী একই ধরনের সমস্যায় ভোগে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি ও দুর্বলতার লক্ষণ দেখা গেলেও চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তারা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।