রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে। গতকাল এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।
দেশে সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, র্যাব, বিজিবি ও সিআইডিসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা ও হাতিরঝিল থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে ‘ব্লক রেইড’ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানার ২৭, শেরেবাংলা নগর থানার চার, আদাবর থানার পাঁচ, তেজগাঁও থানার পাঁচ, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ১২ ও হাতিরঝিল থানার সাতজন রয়েছে।
ডিএমপির তথ্যমতে, চলতি বছরের মার্চে রাজধানীতে বিভিন্ন অপরাধে মোট ৯ হাজার ২৫৯ জনকে গ্রেপ্তার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মার্চে রাজধানীর ১১টি থানায় বিভিন্ন অপরাধে ২ হাজার ৬২৫ জনকে গ্রেপ্তার করে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের অবস্থান শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট ভালো, তবে আরও উন্নত হবে।