Image description

‘মেয়ে সন্তান হলে রাখবেন না’ আগেই এমন কথা বলেছিলেন স্বামী বেলাল আহমেদ। কন্যাসন্তান জন্মের পর নবজাতক ও তার মাকে হাসপাতালে রেখে চলে যান তিনি।

১৬ এপ্রিল প্রসববেদনা উঠলে শাহনাজ বেগম শেলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় একটি কন্যাসন্তান। জন্মের পরপরই মা-মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে যান বেলাল আহমেদ।

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে নবজাতকের শরীরে জন্ডিস ধরা পড়ে। দ্রুত তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে ভর্তি করা হয় এবং ফটোথেরাপি দেওয়া হয়। জেলা প্রশাসক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে অনুরোধ জানান।

আজ মঙ্গলবার নিজেই হাসপাতালে গিয়ে মা ও শিশুটির খোঁজখবর নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি নগদ অর্থসহায়তার পাশাপাশি নবজাতকের জন্য শিশুখাদ্য, মা-মেয়ের পোশাকসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র ও এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসক বলেছেন, ‘বাচ্চাটি এখন সুস্থ আছে। খুব শিগগিরই তাকে মায়ের কাছে দেওয়া হবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মা ও শিশুর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করছি।’

নবজাতকের মা শাহনাজ বেগম জানান, তার স্বামী আগেই বলেছিল মেয়ে সন্তান হলে রাখবে না। সন্তান জন্মের পর থেকেই সে আর কোনো খোঁজ নেয়নি। তিনি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।