Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ। নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী। তবে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবফ। তিনি বলেন, যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফরের বিষয়ে হোয়াইট হাউস নিশ্চিত করলেও ইসলামাবাদের পথে রওনা হয়নি ইরানের প্রতিনিধিদল। ফলে শান্তি আলোচনা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র আলোচনার জন্য চাপ দিলেও ইরান এখন পর্যন্ত আলোচনায় বসতে রাজি হয়নি। তবে দ্বিতীয় দফার সম্ভাব্য হাই-ভোল্টেজ বৈঠক ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে এবং আলোচনার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য প্রস্তুতি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। চুক্তি না হলে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্প : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চাই না। একটি চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে। আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। যুদ্ধবিরতির এই সময়কালকে মার্কিন বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই তারা হামলা চালাতে সক্ষম।

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা সম্ভব নয়,  ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবফ বলেছেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান।

যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত রয়েছে ইরান।

 সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ রূপান্তর করতে চাইছেন। কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবৈধ আচরণ ও দেশটির নেতাদের সাংঘর্ষিক অবস্থান কূটনীতির দাবির সঙ্গে অসংগতিপূর্ণ। গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার ও কূটনীতির পরিপন্থি। ইরান অন্য পক্ষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নিজের দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরান সব সময় উপযুক্ত এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ফেরত দিতে বলল ইরান, নইলে পাল্টা ব্যবস্থা : ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করেছে দেশটি। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাহাজ জব্দের ঘটনাকে বিপজ্জনক পদক্ষেপ আখ্যা দিয়ে বলা হয়, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান তার পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। এ ঘটনার ফলে পরিস্থিতির যেকোনো অবনতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে বাগাড়ম্বর বা কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আমরা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। পরিস্থিতি বদলাচ্ছে। আমরা আশা করছি, আগামীকাল বা পরদিনের মধ্যে ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তান নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে।

যুদ্ধের ৪০ দিনে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ৪ শতাধিক : ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নতুন হিসাব অনুযায়ী, যুদ্ধের ৪০ দিনে ইরানি প্রতিরক্ষা বাহিনীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত এবং              ৪১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক সদস্য সেনাবাহিনীর। এ বাহিনীর ২৭১ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা রয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতেও হতাহতের ঘটনা বাড়ছে। পেন্টাগন নিয়মিতভাবে তাদের এ ক্ষয়ক্ষতির হিসাব হালনাগাদ করছে।