বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার বিবৃতিটি প্রচার করা হয়।
বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন বলেন, বলেন, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেপ্তারের কথা উল্লেখ করেছে। ‘ঊর্ধ্বতন নির্দেশে’ একজন সম্মানিত নারীকে গ্রেপ্তার করার ঘটনা আমাদের আওয়ামী ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়; যা খুবই দুঃখজনক, অমানবিক ও অনভিপ্রেত। বিনা কারণে গভীর রাতে এভাবে একজন সম্মানিত নারীকে গ্রেপ্তার এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মোয়াযযম হোসাইন বলেন, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা মানবতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থী।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে দেশবাসী এমন আচরণ প্রত্যাশা করে না। ২০২৪ জুলাইয়ের আন্দোলনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। আমি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং দেশে একটি সুস্থ, মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।