যুদ্ধ শুরুর পর থেকে প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। ইতোমধ্যে বিমানের পাইলটদের খোঁজে অভিযান শুরু করেছে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার। এবার ওই হেলিকপ্টারও ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরানের গণমাধ্যম।
শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানা গেছে। এদিকে পাইলটদের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে।
এদিকে ইরানের একাধিক স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসির বাসিজ ও স্থানীয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছে।
একাধিক ভিডিওতে দেখা গেছে, ইরানি বাহিনী ও স্থানীয় আদিবাসীরা সরাসরি ছোট অস্ত্র দিয়ে মার্কিন উদ্ধারকারী ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারের ওপর গুলি চালাচ্ছে। যাতে মার্কিনিদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হয়। এরই মধ্যে সংবাদমাধ্যম দাবি করেছে, উদ্ধারকারী হেলিকপ্টারটিও ভূপাতিত হয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, যে এলাকায় মাার্কন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ভূপাতিত হয়েছে একই এলাকায় মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করেছে মেহর।
এর আগে, শুক্রবার বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বিমানের পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে।
ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমের কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশে ইরানে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ফাইটার পাইলট প্যারাশুটে করে নিচে (ইরানের ভূখণ্ড) নেমেছেন।
ইরানের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে ঘোষণা করা হয়েছে, বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার পাইলটকে খুঁজে বের করতে সামরিক বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশের নাগরিকদে উদ্দেশে বলা ঘোষণায় বলা হয়েছে, আপনারা যদি শত্রুদের পাইলট বা পাইলটদের জীবিত ধরে পুলিশ বা সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন, তবে আপনাদের মূল্যবান পুরস্কার ও বোনাস দেওয়া হবে।
কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশটি অত্যন্ত গ্রামীণ এবং পাহাড়ি এলাকা। প্রায় ১৫ হাজার ৫০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকা। ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও জনসাধারণকে তল্লাশি চালানোর আহ্বান জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, সাধারণ মানুষের ভিড় নিজস্ব গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। দক্ষিণ-পশ্চিম ইরানের অনেক মানুষ মার্কিন পাইলটকে ধরতে ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে গিয়েছেন। তবে ইরানি সশস্ত্র বাহিনী জনগণকে আহ্বান জানিয়েছে যেন কেউ পাইলটের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার না করে।