Image description

রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মী পরিচয়ে একদল ছাত্র-জনতার হাতে আটক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।

এর আগে মিরপুর চিড়িয়াখানার সামনে উত্তেজিত ছাত্র-জনতা তাকে ঘিরে ধরলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তাকে তার ব্যক্তিগত প্রাইভেট কারে অবস্থান করতে দেখা গেছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আর এস ফাহিমকে মিরপুর এলাকায় দেখে উপস্থিত ছাত্র-জনতা উত্তেজিত হয়ে ওঠেন। তার বিতর্কিত কর্মকাণ্ড ও পূর্ববর্তী বিভিন্ন অবস্থানের জেরে (বিশেষ করে জুলাই আন্দোলনে) সেখানে স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

এ সময় আর এস ফাহিম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, উদ্দেশ্যেপ্রণোদিত মব করে যা করার চেষ্টা হচ্ছে, আল্লাহর কাছে ছাড়া বলার মতো কিছু নেই। সত্য উন্মোচিত হবেই একদিন। আমাকে নিয়ে গিয়ে সত্য কখনো চাপানো যাবে না। দোয়া প্রার্থী। 

তিনি আরও লেখেন, আমার সকল কার্যক্রম আমার পেজেই থাকল, বিচারটা আপনারা করেন। আন্দোলনের (জুলাই) পক্ষে থেকেও আমার সাথে যা হলো, তার সত্যি একদিন প্রকাশ হবে।