গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব ও ‘নোট অব ডিসেন্ট’-এর কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি এবং নোট অব ডিসেন্ট ছিল, সেগুলোর বিষয়ে জনগণের মতামত জানতেই গণভোটের আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চাইলেই রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্টসহ চুক্তিতে স্বাক্ষর করে ভবিষ্যৎ সরকারকে তাদের ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনার সুযোগ দিতে পারত। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনগণের সরাসরি মতামত নেওয়াকেই অধিকতর গ্রহণযোগ্য পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে।’
সারোয়ার তুষার জানান, ‘বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য দূর করতে একপর্যায়ে রাজনৈতিক দলগুলো একমত হয় যে, এসব বিষয়ে জনগণের রায়ই চূড়ান্ত হওয়া উচিত। সেই সিদ্ধান্ত থেকেই গণভোটের পথ তৈরি হয়।’
তিনি বলেন, ‘এখন যেহেতু জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে, তাই ওইসব বিষয়ে আর দলীয় ইশতেহার বা নোট অব ডিসেন্ট প্রাধান্য পাবে না- এটাই স্বাভাবিক।’
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নোট অব ডিসেন্টের অর্থ হচ্ছে-দ্বিমত থাকা সত্ত্বেও সিদ্ধান্ত প্রক্রিয়া চলবে। বিশ্বব্যাপী এটাই প্রচলিত ধারণা। বিএনপির মতো দল এ বিষয়টি বুঝবে না বা বুঝতে চাইবে না-এটা বিশ্বাস করা কঠিন।’
তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে মতভেদ ছিল, সেগুলো যেন ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না করে, সে কারণেই গণভোট আয়োজন করা হয়েছে। আর জনগণ যখন স্পষ্টভাবে মত দিয়েছে, তখন সেটিই কার্যকর হওয়াই স্বাভাবিক প্রক্রিয়া।’
শীর্ষনিউজ