Image description

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান (পরিচালক) কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান-সমর্থিত হ্যাকাররা। তার ছবি ও বিভিন্ন নথি অনলাইনে প্রকাশ করেছে হ্যাকার গোষ্ঠীটি।

 

শুক্রবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত এফবিআই প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইলের ইনবক্স হ্যাকের ঘটনায় সন্দেহের তীর ইরান-সমর্থিত হ্যাকার গ্রুপ হান্দালা হ্যাক টিম। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানায়, প্যাটেল এখন তাদের হ্যাক হওয়া ভুক্তভোগীদের তালিকায় যুক্ত হয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা এই হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অনলাইনে ফাঁস হওয়া তথ্যগুলো সত্য বলে মনে হচ্ছে। যদিও এফবিআই এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি।

 

হান্দালা নিজেদের ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ হিসেবে পরিচয় দিলেও পশ্চিমা গবেষকদের ধারণা, এটি ইরানের সরকারি সাইবার গোয়েন্দা ইউনিটগুলোর ব্যবহৃত একটি ছদ্মনাম হতে পারে। গোষ্ঠীটি এর আগেও মার্কিন প্রতিষ্ঠান স্ট্রাইকার করপোরেশনে সাইবার হামলার দাবি করেছিল এবং বিপুল পরিমাণ ডেটা মুছে ফেলার কথাও বলেছিল।

 

যদিও রয়টার্স ফাঁস হওয়া ই-মেইলগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

 

তবে হ্যাকাররা যে জিমেইল ঠিকানাটি হ্যাক করার দাবি করেছে, সেটি পূর্বের ডেটা ফাঁসের ঘটনায় প্যাটেলের সঙ্গে যুক্ত একটি ই-মেইলের সঙ্গে মিলে যায় বলে জানা গেছে। প্রকাশিত নমুনায় ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন যোগাযোগের তথ্য দেখা গেছে।