চুয়াডাঙ্গা শহরে আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের কয়েক নেতাকর্মীকে পতাকা উত্তোলন করে স্লোগান দিতে দেখা গেছে। পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করেন তারা। তাদের এ দলীয় কর্মকাণ্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে ৪/৫ জন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন স্লোগান দেয়। ঘটনাস্থলে তখন কোনো সাধারণ মানুষের উপস্থিত ছিল না বলে, প্রত্যক্ষদর্শীদের মতামত পাওয়া যায়নি। তবে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভিডিওটি প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, “চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় অবমুক্ত করা হয়েছে।”
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি। ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। কারা জড়িত ছিল, তা শনাক্তের চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি ভোরবেলায় অনুষ্ঠিত হয়েছে। ওই সময় রাস্তায় লোকজন ছিল না। ছাত্রলীগ পরিকল্পিতভাবে এসব দলীয় কর্মকাণ্ড করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।