নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকার একটি প্লট থেকে এ ঘোড়াগুলো উদ্ধার করা হয়।
পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, পূর্বাচল ১০ নং সেক্টর হারারবাড়ি এলাকার একটি প্লটে ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। তারা ৯টি ঘোড়া জবাই করে ফেলেন। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-তে ফোন দেন। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের পুলিশ সদস্য ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।
আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের আসার টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যান। এ সময় ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।
এসআই হারুন অর রশিদ আরও বলেন, পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে অসাধু ব্যবসায়ীরা ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করেন। আর ওই মাংস গরুর মাংস হিসেবে মানুষ কিনে খাচ্ছেন। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে