লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়ন থেকে পালিয়ে যান তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত বিপত্তি। সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানকে হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌঁড়ে পালিয়ে যান মনিরুল।
পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক টিম। বৃহস্পতিবার ভোরে ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গল থেকে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে এসআই মতিউর রহমানে বলেন, এখন এসব বিষয়ে কথা বলার সময় আমার নেই—বলে কল কেটে দেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, আসামি মনিরুলকে ধরতে আমরা রাতভর অভিযান চালিয়ে সফল হয়েছি। আগে তার বিরুদ্ধে চুরির মামলা থাকলেও, এখন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার কারণে তার বিরুদ্ধে আরও একটি মামলা হবে। দুটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে। আসামি পালানোর ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।