Image description

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইরান। ইরানি সেনাদের ৮২তম অভিযানে এ হামলা করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

 

ইরানের তাসনিম নিউজকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ৮২তম পর্যায় শুরু করেছে। আইআরজিসির মতে, তাদের সর্বশেষ এই অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মৃত সাগরের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের কমান্ডের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং পারমাণবিক অবকাঠামো-সংশ্লিষ্ট শিল্পগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে।

 

অপরদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইরানের সংসদ। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সংসদ (মজলিস) হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য টোল আরোপের একটি আইন অনুমোদন করতে চাইছে।

 

সংসদের গঠন কমিটির প্রধান বলেছেন, একটি খসড়া প্রস্তুত করা হয়েছে কিন্তু তা এখনও পূর্ণাঙ্গ বিলের পর্যায়ে পৌঁছায়নি। তাদের মতে, এর উদ্দেশ্য হলো চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। সম্ভাব্য টোলের পরিমাণ কত হবে, তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান এখন পর্যন্ত ‘চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের’ মতো দেশের (বিশেষ পাশ নিয়ে যাওয়া) জাহাজগুলোর অনুরোধ গ্রহণ করেছে।

 

তিনি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে হরমুজ ‘সম্পূর্ণরূপে বন্ধ নয়, তবে শত্রুদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) জন্য বন্ধ’।