Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিরুদ্ধে অপপ্রচার চালানো ব্যক্তিদের উদ্দেশ্যে চাকরির প্রস্তাব দিয়েছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নবীন ফ্যাশন। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে নবীন ফ্যাশন জানায়, কোনো প্রকার কাজ না থাকায় যারা প্রতিষ্ঠানটিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের নবীন গার্মেন্টসে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে সুতা বাছাই ও বোতাম লাগানোর কাজে জনবল প্রয়োজন রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এসব কাজে নিয়োজিতদের দুপুরের খাবার ও বিকেলের নাস্তাসহ সামান্য কিছু খরচ প্রদান করা হতে পারে। পাশাপাশি দুই বছর সময় নিয়ে কাজ করার মাধ্যমে কীভাবে নবীন ফ্যাশন কম দামে পাঞ্জাবি বিক্রি করে, তা শেখানো হবে বলেও উল্লেখ করা হয়।

তবে কাজের ক্ষেত্রে শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে পোস্টে বলা হয়, কাজে ফাঁকি দেওয়া, কাজের সময় রাজনৈতিক আলোচনা করা বা চুরির সঙ্গে জড়িত থাকলে কোনো ধরনের নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হবে।

পোস্টের শেষাংশে প্রতিষ্ঠানটি উল্লেখ করে, অপপ্রচার ও মিথ্যা বানোয়াট মন্তব্যে অতিষ্ঠ হয়ে এমন পোস্ট দিতে বাধ্য হয়েছে তারা।