দিনাজপুরের কাহারোলে একটি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে এনায়েতুল করিম নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আসমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলের জন্য তেল নিতে ওই পাম্পে যান এনায়েতুল করিম। দীর্ঘসময় ধরে লাইনে অপেক্ষায় থাকাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েতুল করিমকে মৃত ঘোষণা করেন।
মৃত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দোলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তার চাচাতো ভাই মাহামুদুল হাসান জানান, এনায়েতুল করিম ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলেন। কাহারোল উপজেলার তারগাও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াতে বেড়াতে গিয়েছিলেন। আসরের পর নিজ গ্রামের প্রাণনগর ঈদগাঁ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মকলেমা সরকার মেঘা বলেন, হাসপাতালে আনার আগেই এনায়েতুল করিম মৃত্যুবরণ করেন।
কাহারোল থানার ওসি (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। পরে কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।